স্টাফ রিপোর্টার :
গাজীপুর-২ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী আলী নাছের খানের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আবেদনটি দাখিল করেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির প্রধান নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস।
আবেদনে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা আলী নাছের খানের হলফনামা ও আয়কর রিটার্নে উল্লেখিত জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ সরকারি ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সঙ্গে মিল নেই। এতে হলফনামায় তথ্য গোপনের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে অভিযোগ করা হয়।
এছাড়া অভিযোগে আরও বলা হয়, আলী নাছের খান তার ব্যাংক হিসাব নম্বর প্রকাশ করে অনলাইন মাধ্যমে প্রকাশ্যে অর্থ সহায়তা চেয়েছেন, যা নির্বাচন কমিশনের আচরণবিধি ও প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।
আবেদনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২-এর উল্লেখ করে বলা হয়, কোনো প্রার্থী হলফনামায় তথ্য গোপন বা মিথ্যা তথ্য প্রদান করলে তার মনোনয়ন বাতিলযোগ্য হতে পারে।
এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গাজীপুর ক্লাব লিমিটেডের মিলনায়তনে সাংবাদিকদের সামনে বিষয়টি তুলে ধরেন গাজীপুর-২ আসনের ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী সালাহ উদ্দিন সরকার। তিনি বলেন, বিষয়টি আগে নজরে এলে আরও আগে কর্তৃপক্ষকে অবহিত করা যেত। নির্বাচন একদিন পর হলেও আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছি।
এ সময় বিএনপি নেতা আব্দুস সালাম শামীম, অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
