গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গী বিসিক শিল্পনগরীতে শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে টানা পঞ্চম দিনের মতো সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় টঙ্গী বিসিক শিল্পনগরীতে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন ও শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখতে সচেতনতামূলক ভূমিকা পালন করেন।
নেতাকর্মীরা জানান, শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে। তবে শ্রমিক আন্দোলনকে পুঁজি করে কেউ যেন শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।
তারা আরও জানান, শ্রমিক ও শিল্পকারখানার স্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ সতর্ক অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
