স্টাফ রিপোর্টার :
চলমান যৌক্তিক শ্রমিক আন্দোলনে শ্রমিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে শিল্পাঞ্চল গাজীপুরের টঙ্গীতে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের ন্যায্য দাবিকে পুঁজি করে কোনো স্বার্থান্বেষী বা পালিয়ে যাওয়া শক্তি যাতে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক এবং গার্মেন্টস কারখানা-সংলগ্ন এলাকায় অবস্থান নেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা জানান, চলমান যৌক্তিক সব শ্রমিক আন্দোলনে বিএনপি অতীতেও শ্রমিকদের পাশে ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনকে কোনো অপশক্তি যেন নিজেদের স্বার্থে ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু, টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ ও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে এবং শ্রমিকদের ন্যায্য আন্দোলনের আড়ালে যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে তাদের এ সতর্ক অবস্থান অব্যাহত থাকবে।
