গাজীপুর প্রতিনিধি :
গাজীপুর মহানগরীর পূবাইল থানায় কর্মচারীর বিরুদ্ধে অটো চুরির মিথ্যা অপবাদ দেওয়া এবং পরবর্তীতে তাকে মারধরের গুজব ছড়ানোর অভিযোগে চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ৪১ নং ওয়ার্ড যুবদল নেতা ও ঠিকাদার ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম।
গত ১২ আগস্ট পূবাইল থানায় দায়ের করা অভিযোগে শফিকুল ইসলাম উল্লেখ করেন, তার কর্মচারী জিহাদের বিরুদ্ধে রেজাউল নামে এক ব্যক্তি শত্রুতাবশত অটো চুরির অপবাদ ছড়ান। বিষয়টি জানার পর ওইদিন সকালে ডেমরপাড়া এলাকার একটি পিকনিক স্পটে কর্মচারীকে ডেকে এনে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। সেখানে জিহাদ অভিযোগ অস্বীকার করেন এবং রেজাউলও অভিযোগের পক্ষে কোনো উপযুক্ত প্রমাণ দেখাতে পারেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি মীমাংসার উদ্দেশ্যে শফিকুল ইসলাম নিজ উদ্যোগে ২০ হাজার টাকা জরিমানা হিসেবে প্রদান করেন। এরপরও মো. হাবিবুল্লাহ ,জাহিদ ও বাদল সরকারের উসকানিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শফিকুল তার কর্মচারীকে মারধর করেছেন-এমন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয় বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি তার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেওয়ারও দাবি করেন শফিকুল।
শফিকুল ইসলাম বলেন, এসব অপপ্রচার ও মিথ্যা অভিযোগের কারণে তিনি ভীতি ও শঙ্কার মধ্যে রয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
এদিকে যুবদল নেতা শফিকুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা অভিযোগের সত্যতা যাচাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহ্বান জানিয়ে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
