নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর ভাদাম এলাকায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষকের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।
পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক ইব্রাহিমকে আটক করে। জানা গেছে, ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় হাজী কালু মিয়া মহিলা আদর্শ মাদ্রাসার ছাত্রী। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, দুই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে থানায় যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেছেন। ঘটনার পর অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে চলে যান। পরে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টির অধিকতর তদন্ত চালিয়ে যাচ্ছে।
