স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে আমতলী কেরানীরটেক এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে পানি জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কয়েক হাজার বাসিন্দা। জলাবদ্ধতার ফলে রাস্তায় চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হয়েছে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে শিশু, বৃদ্ধ ও সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছেন।
এ পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে এসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা মো. শাহীন আহমেদ রিজভী।
গাজীপুর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এবং নিজ উদ্যোগে তিনি গত দুই দিন ধরে এলাকায় জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। সেচ পাম্প স্থাপনের মাধ্যমে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশন এবং ড্রেনের ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
কাজের অগ্রগতি তদারকির পাশাপাশি শ্রমিকদের সঙ্গে সরাসরি অংশ নিয়ে এলাকার জলাবদ্ধতা দূরীকরণে ভূমিকা রাখছেন শাহীন আহমদ রিজভী।
এ বিষয়ে তিনি বলেন, আমতলী কেরানীরটেক এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। তাদের দুর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের সহযোগিতায় সেচ পাম্প স্থাপন করে পানি নিষ্কাশন এবং ড্রেন পরিষ্কারের কাজ করছি। জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।
