স্টাফ রিপোর্টার :
রাজধানীর উত্তরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে উত্তরার একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভায় সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সাধারণ সভা শেষে সংগঠনের প্রধান উপদেষ্টা শামসুল হক ৪১ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন। এতে সর্বসম্মতিক্রমে এ কে এম আজিজুল হক সভাপতি এবং মোঃ কালিমুল্লাহ ইকবাল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান কামাল খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শামসুল হক বলেন,সাংবাদিকতা একটি মহান দায়িত্ব। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। নতুন কমিটিকে আগামী দিনে আরও সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বক্তারা সাংবাদিকতার নৈতিকতা, পেশাগত দায়বদ্ধতা এবং সমাজ উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংগঠনের ভাবমূর্তি আরও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল ওহাব রিংকু, বিদায়ী সাধারণ সম্পাদক মনির হোসেন চৌধুরী, মোসলেহ উদ্দিন বাচ্চু, কবি ও লেখক আবুল খায়ের, ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মানিক, এইচ এম মাহফুজুল ও রোমান শেখসহ অন্যান্য অতিথিবৃন্দ।
নতুন কমিটি ঘোষণার পর উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।
