স্টাফ রিপোর্টার :
রাজধানীর গুলশান এভিনিউতে মেঘনা ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয়ে দেশের পোশাক শিল্পের শ্রমিকদের জন্য আধুনিক পে-রোল কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে বেতন প্রদানে স্বচ্ছতা, নিরাপত্তা ও দ্রুততা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
গার্মেন্টস শিল্প উদ্যোক্তা, ডিবিসি নিউজের পরিচালক, এসি শিল্প গ্রুপের চেয়ারম্যান ও বিজিএমইএ সদস্য মো. সালাউদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টাইলিশ গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ইবিএফসিআই পরিচালক মাকসুদা চৌধুরী মিশা।
অনুষ্ঠানে ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মমতাজুল করিম এন আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এসএমই সোহেল মিয়া, গাজীপুর শাখার ব্যবস্থাপক ফাহমিদ নোমান খন্দকার এবং এমপ্লয়ি ব্যাংকিং ইউনিটের অ্যাসোসিয়েটেড রিলেশনশিপ ম্যানেজার আবুল ফারহা শীবলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন চৌধুরী বলেন, নতুন প্রজন্মের ব্যাংক হিসেবে মেঘনা ব্যাংক খেলাপি ঋণ নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে ইতিবাচক অবস্থানে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, ব্যাংকিং ও পোশাক খাতের সমন্বিত অগ্রযাত্রা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি শ্রমিকদের ব্যাংকিং ব্যবস্থার আওতায় আনার এ উদ্যোগকে তিনি সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মমতাজুল করিম বলেন, এই পে-রোল সেবার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান সহজ, দ্রুত ও ঝুঁকিমুক্ত উপায়ে শ্রমিক-কর্মচারীদের বেতন সরাসরি ব্যাংকিং চ্যানেলে পরিশোধ করতে পারবে। তিনি আরও জানান, শ্রমিকদের আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এবং ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে মেঘনা ব্যাংক ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
নতুন এ উদ্যোগের ফলে পোশাক শিল্পে বেতন ব্যবস্থাপনায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং শ্রমিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
