স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে হওয়া হালকা বৃষ্টির পরপরই সড়কে পানি জমে জনদুর্ভোগ দেখা দেয়।
এতে পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, টঙ্গী পৌরসভার ভিতর, কলেজ রোড, সফিউদ্দিন রোড, মোক্তার বাড়ি রোড, হোসেন মার্কেট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর, খাঁ পাঁড়া রোড,সাতাইশ রোড়,এরশাদ নগরসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়। অনেক স্থানে ড্রেনেজ ব্যবস্থা দুর্বল থাকায় দীর্ঘ সময় ধরে পানি আটকে থাকে।
রিকশাচালক শহিদুল ইসলাম বলেন, বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে রিকশা চালাতে সমস্যা হয়, অনেক সময় রিক্সার মোটর বাদ হয়ে যায়।
স্থানীয় পথচারী ও ব্যবসায়ী আতিক জানান, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে চলাচল কষ্টকর হয়ে পড়ে। দোকানের সামনে পানি থাকায় ক্রেতা কমে যায়, ব্যবসায়ও ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ মো. আলেক বলেন, দীর্ঘদিন ধরে কিছু এলাকায় পানি নিষ্কাশনের সমস্যা রয়ে গেছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বাড়বে।
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী জোন-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জহিরুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত ড্রেন পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বৃষ্টি বন্ধ হওয়ার কিছু সময়ের মধ্যেই অধিকাংশ এলাকার পানি নেমে যায়।
স্থানীয়দের দাবি, স্থায়ী জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণে আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
