স্টাফ রিপোর্টার :
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালিত হয়েছে। বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন, টঙ্গী শাখার উদ্যোগে শুক্রবার (১ মে) বিকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এদিন টঙ্গীর সাতাইশ মাওলানা মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে এশিয়া পাম্পের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা মো. তুহিন চৌধুরী এবং কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্রমিক নেতা মো. মাজহারুল ইসলাম সহ বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ।
বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে ৬ দফা দাবি তুলে ধরেন এবং দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ও গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানান। তারা সতর্ক করে বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
শ্রমিকদের উত্থাপিত দাবিগুলো হলো—
সিজন্স ড্রেসেস লিমিটেড ও মিফকিফ অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদের বকেয়া আইনগত পাওনা দ্রুত পরিশোধ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাসে উন্নীত করা, বিজিএমইএর ডাটাবেজে শ্রমিকদের ব্ল্যাকলিস্ট করা বন্ধ, জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা ও আইডি কার্ড কেড়ে নেওয়া বন্ধ, কারখানায় গালাগালি, হুমকি ও শারীরিক নির্যাতন বন্ধ এবং বন্ধ কারখানাগুলো পুনরায় চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করা।
সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই এবং প্রয়োজনে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
