স্টাফ রিপোর্টার :
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে গাজীপুরের টঙ্গীর গুরুত্বপূর্ণ সড়ক ও বাসস্ট্যান্ড এলাকায় পরিদর্শন করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এ সময় সড়কের পাশে ফুটপাত দখল করে দোকান না বসাতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
শুক্রবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড, চেরাগআলী, বোর্ড বাজার ও কলেজগেট বাসস্ট্যান্ডসহ আশপাশের এলাকা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় সড়ক ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসিয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পাশাপাশি জানানো হয়, নির্দেশনা অমান্য করে পুনরায় ফুটপাত দখল করা হলে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা সরিয়ে দেওয়া হবে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার
ইসরাইল হাওলাদার বলেন, ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়বে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। বাসস্ট্যান্ড ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি বলেন, আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও সমন্বিতভাবে কাজ করছেন। ঘরমুখো যাত্রীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মহাসড়কের পাশের ফুটপাত দখল করে অবৈধভাবে দোকান বসানো থেকে বিরত থাকতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে এবং যানজট এড়াতে ভবিষ্যতেও যেন সেখানে দোকান না বসানো হয়, সে বিষয়ে তাদের প্রতি অনুরোধ করা হয়। আগে কোন নিয়মের মধ্যে ছিল না এখন একটা নিয়মের মধ্যে আসতে হবে। কেউ যদি এসব দোকান বসিয়ে চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন প্রবাল ও টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
