Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরে বিএনপি নেতা শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

Representative - Md. Shamim Reza
গাজীপুরে বিএনপি নেতা শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ


স্টাফ রিপোর্টার :


গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার  বিরুদ্ধে চাঁদাবাজি, হুমকি, মিথ্যা মামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তার অত্যাচারে একই দলের একাধিক পরিবার এলাকা ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।


স্থানীয়দের অভিযোগ, গাছা থানার ৩৪ নং ওয়ার্ডের ভূসির মিল এলাকার মেম্বার বাড়ি রোডসহ আশপাশের এলাকায় শাহিনের নেতৃত্বে চুরি, ছিনতাই, মারামারি ও কিশোর গ্যাংয়ের উৎপাত বেড়ে গেছে। রাতের বেলায় এলাকায় প্রকাশ্যে মহড়া দেওয়া হয় বলেও দাবি করা হয়েছে।


ভুক্তভোগী লাবনী আক্তার বলেন, শাহিন আগে আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। গত ৫ আগস্টের পর তিনি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকাবাসীর ওপর প্রভাব বিস্তার শুরু করেন। কেউ তার সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানালে মিথ্যা মামলা ও নানা ধরনের হয়রানির শিকার হতে হয়।


তিনি আরও অভিযোগ করেন, তোফায়েল, জুবায়ের, মোয়াজ্জেম, সিরাজুলসহ কয়েকজন তার হয়ে এলাকায় নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে শাহিনের লোকজন দিয়ে এলাকায় হামলা ও মহড়া দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।


আরেক ভুক্তভোগী রিনা আক্তার জানান, শাহিন আগে একটি গার্মেন্টসে চাকরি করতেন। চাকরি ছেড়ে দেওয়ার পর থেকেই তার সন্ত্রাসী কার্যক্রম শুরু হয়। তিনি ভাড়াটে সন্ত্রাসী লালন করেন বলেও অভিযোগ রয়েছে। তার সহযোগীদের উৎপাতের কারণে গার্মেন্টস কর্মীরা রাতের  নিরাপদে বাড়ি ফিরতে পারেন না।


রিনা আক্তার বলেন, তার ভয়ে এলাকার কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। আমরা এর সঠিক বিচার চাই। 


স্থানীয় ব্যবসায়ী মো. বিল্লাল হোসেন অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকালে শাহিনের লোকজন তার বাসার সামনে দেশীয় অস্ত্র রাখতে চাইলে পরিবার বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার দোকান ও বাসার গেটে কুপিয়ে ক্ষতি করে।


তিনি বলেন, আমরা নিরীহ মানুষ। এসব অত্যাচারের কারণে দোকান খুলতে পারি না, বাসায়ও নিরাপদে থাকতে পারছি না। আমরা শান্তিতে বাঁচার একটি সমাধান চাই।

এলাকাবাসী অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।