স্টাফ রিপোর্টার :
গাজীপুরের টঙ্গীতে ৪৩ নং ওয়ার্ডের আলেম-ওলামাদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গাসিক ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাজমুল হোসেন মন্ডল বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজে নৈতিকতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আলেম-ওলামাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি বলেন, মানুষের পাশে থেকে কাজ করাই তার রাজনীতির মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সক্রিয় থাকতে চান।
আলোচনা পর্বে আরও বক্তব্য রাখেন স্থানীয় আলেম-ওলামারা। তারা সমাজে ধর্মীয় মূল্যবোধ চর্চা, তরুণ প্রজন্মকে নৈতিক শিক্ষায় গড়ে তোলা এবং সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ইফতার মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, মসজিদের ইমাম ও খতিব, ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবদল ও বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
