স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
মঙ্গলবার বিকেলে টঙ্গী পশ্চিম থানার সাতাইশ এলাকা থেকে গণসংযোগ শুরু হয়ে গুটিয়া, তিলেরগাতী, দেওড়া, মুদাফা ও মোক্তারবাড়ীসহ থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন, কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে এম. মঞ্জুরুল করিম রনি বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের মানুষ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের জন্য বিএনপির নেতৃত্বেই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা প্রয়োজন। জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া বিএনপির বিজয়ের ইঙ্গিত দিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
এ সময় গাজীপুর মহানগর বিএনপি ছাড়াও টঙ্গী পশ্চিম ও পূর্ব থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।
নেতাকর্মীরা গণসংযোগ চলাকালে বিভিন্ন স্লোগান ও প্রচারণার মাধ্যমে এলাকাবাসীর মধ্যে নির্বাচনী বার্তা পৌঁছে দেন।
