গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার গাজীপুর সিটি কর্পোরেশনের ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা হোসেন মোহাম্মদ অভি (বাদশা)।
গণসংযোগকালে বিএনপির নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং দলটির রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে শামিল হওয়ার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
