স্টাফ রিপোর্টার :
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গাজীপুরে একটি রেকর্ড সৃষ্টি হতে যাচ্ছে। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সবাইকে সঙ্গে নিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করবো।
তিনি আরও বলেন, আপনারা আমার বাবাকে এই টঙ্গী ও গাজীপুর থেকে এমপি, মন্ত্রী ও মেয়র বানিয়েছেন এবং তিনি আপনাদের জন্য কাজ করেছেন। সেই বিশ্বাস ও আস্থার জায়গা থেকেই আজ আমি আপনাদের সমর্থন চাই।নির্বাচিত হলে গাজীপুরের উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য।
বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরার কাজীপাড়া, এরশাদ নগর, বনমালা রোড, টিএনটি, শিলমুন ও পাগাড় এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার, বিএনপি নেতা সরাফত হোসেন, গাজী সালাউদ্দিন, রাশেদুল ইসলাম কিরণ, প্রভাষক বশির উদ্দিন, জসিম উদ্দিন ভাট, জসিম উদ্দিন দেওয়ানসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এ সময় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো এলাকায় নির্বাচনী উৎসবের আমেজ তৈরি হয় এবং গণসংযোগে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
