Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

গাজীপুরে ছাত্রদল নেতার বাপের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধে মহিলা কে হত্যা


মোঃ সুলতান মাহমুদ

স্টাফ রিপোর্টার।


গাজীপুর মহানগরের গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেটে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছাত্রদল নেতা ও তার বাবার সঙ্গে সংঘর্ষে এক নারী ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নারী রানী (৪৫)। তিনি দুলাল মার্কেটে অবস্থিত রানী ফ্যাশন গ্যালারির মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা রানী দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসার পাশাপাশি সুদের ভিত্তিতে টাকা লেনদেন করতেন। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মুদি দোকানদার নজরুল ইসলাম ও তার ছেলে আশিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করলে আশিক ছুরি হাতে রানীর ওপর হামলা চালান।

এ সময় রানীর ছেলে হৃদয় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। এতে মা ও ছেলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুর আনুমানিক ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক রানীকে মৃত ঘোষণা করেন।

আহত হৃদয় বলেন, “পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়।”

স্থানীয়ভাবে জানা গেছে, অভিযুক্ত আশিক গাছা থানাধীন ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের নেতা ছিলেন এবং ঘটনার সময় তার বাবা নজরুল ইসলামও সেখানে উপস্থিত ছিলেন।

ঘটনার খবর পেয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার  সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags