গাজীপুর প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঐক্য জোটের উদ্যোগে বড় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাছের খান মিছিলের নেতৃত্ব দেন।
মিছিলটি বোর্ডবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মালেকের বাড়ি এলাকায় গিয়ে শেষ হয়। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এসময় জামায়াতের সাবেক প্রার্থী মোঃ হোসেন আলী বলেন, বৈষম্য ও দুর্নীতির রাজনীতি থেকে মুক্তির জন্য ন্যায়ভিত্তিক রাজনীতির বিকল্প নেই। অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, ভয়ভীতি নয়, শান্তিপূর্ণ গণসংযোগ ও ভোটের মাধ্যমেই জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।
মিছিলে জামায়াত ও এনসিপির মহানগর পর্যায়ের নেতাকর্মী, ছাত্র ও যুব সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। দিনভর গণসংযোগ ও মিছিলের মধ্য দিয়ে গাজীপুর-২ আসনে ঐক্য জোটের নির্বাচনী প্রচারণায় নতুন গতি এসেছে বলে স্থানীয়রা মনে করছেন।
