গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক আন্দোলন চললেও শান্ত রয়েছে টঙ্গীর বিসিক শিল্পনগরী।
শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থান নিয়েছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী টঙ্গী বিসিকের লিলি ফুট মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান কর্মসূচি পালন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথীর নেতৃত্বে নেতাকর্মীরা মহাসড়কে মিছিল ও মোটরসাইকেল মহড়ার মাধ্যমে শিল্পাঞ্চলের নিরাপত্তায় সতর্ক অবস্থানের জানান দেন। এদিকে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।
অবস্থান কর্মসূচিতে সিরাজুল ইসলাম সাথী বলেন, পোশাকশিল্প দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। এ শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে একটি চক্রান্তকারী গোষ্ঠী নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। গাজীপুর-২ আসনের সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির নির্দেশনায় শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত এবং কারখানার স্বাভাবিক উৎপাদন পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে সতর্ক পাহারা অব্যাহত রাখবেন।
তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় রেখেই শিল্পকারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা যেন শিল্পাঞ্চলের উৎপাদন ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে না পারে, সে বিষয়ে তারা সজাগ রয়েছেন।
