গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষকে কেন্দ্র করে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। টানা চার দিন ধরে বিভিন্ন স্থানে শ্রমিকদের সড়ক অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি কয়েক দিনে শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা করায় উৎপাদন কার্যক্রমেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে।
এ পরিস্থিতিতে শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা, ভাঙচুর ও নাশকতা প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মহাসড়কের পাশে অবস্থান নেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় তাঁদের সঙ্গে সংহতি প্রকাশ করে মাঠে যুক্ত হন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। গার্মেন্টস শ্রমিকদের কর্মপরিবেশ স্বাভাবিক রাখা, কারখানায় উৎপাদন অব্যাহত রাখা এবং শিল্পাঞ্চলে শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে তাঁরা একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সকালে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা এলাকায় অবস্থান নেন। এ ছাড়া কোনাবাড়ী, বোর্ডবাজারসহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।
স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, প্রতিদিন সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গেলে শ্রমিক পরিচয়ে একটি পক্ষ তাদের বাধা দিচ্ছে। অনেক ক্ষেত্রে শ্রমিকদের জোরপূর্বক কারখানা থেকে বের করে আন্দোলনে যোগ দিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। এতে সাধারণ শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হচ্ছে বলে দাবি করেন তারা।
বিএনপি নেতাদের ভাষ্য, শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে একটি পক্ষ সড়কে যানবাহন ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে তারা মাঠে রয়েছেন।
এ সময় গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার দলীয় নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার নির্দেশনা দেন। তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে হবে। তবে শ্রমিক আন্দোলনের আড়ালে কেউ যেন নাশকতা, ভাঙচুর কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
এর আগে সোমবার (২ নভেম্বর) সকালে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মুজিবুর রহমান মহানগরীর নওজোড় এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তাঁর সঙ্গে বাসন থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শিল্পাঞ্চলে চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে একদিকে শ্রমিকদের দাবি-দাওয়া, অন্যদিকে শিল্পকারখানার উৎপাদন ও মহাসড়কে স্বাভাবিক যান চলাচল বজায় রাখা নিয়ে উদ্বেগ বাড়ছে। এ অবস্থায় পরিস্থিতি শান্ত রাখতে সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
