গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের এক নেতার ডিস ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা ও দেখভালের দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে বিএনপি নেতা মো. সোহেল আহমেদের বিরুদ্ধে। তিনি টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং ৫২ নং ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর ৫২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী সৈয়দ মো. কামাল হোসেনের ডিস ও ইন্টারনেট ব্যবসার দেখভাল করছেন বিএনপি নেতা সোহেল আহমেদ। কামাল হোসেনের সঙ্গে সোহেলের পারিবারিক আত্মীয়তার সম্পর্ক রয়েছে বলেও স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. কামাল হোসেন বর্তমানে এলাকায় প্রকাশ্যে সক্রিয় না থাকলেও তাঁর ডিস ও ইন্টারনেট ব্যবসার বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও দেখভাল করছেন সোহেল আহমেদ। এ নিয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের প্রশ্ন, রাজনৈতিক পরিচয়ের বাইরে ব্যক্তিগত সম্পর্কের কারণে কোনো বিএনপি নেতা আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তির ব্যবসায়িক স্বার্থ রক্ষা করছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিশেষ করে আওয়ামী লীগের নৈরাজ্য ও রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে বিএনপি যখন মাঠপর্যায়ে সক্রিয় থাকার কথা বলছে, তখন দলের নেতার বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা মো. সোহেল আহমেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।এবং পরবর্তী একাধিক বার কল করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন বলেন, আওয়ামী লীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ কিংবা ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট কোনো তথ্য-প্রমাণ পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সে কে, কার লোক কিংবা কার সঙ্গে সম্পর্ক—সেটি দেখার বিষয় নয়।
