গাজীপুর প্রতিনিধি:
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ঘোষণা করায় বাংলাদেশ সরকার, মালিকপক্ষ ও শ্রমিক মজুরি বোর্ডের সদস্যদের অভিনন্দন জানিয়ে গাজীপুরের টঙ্গীতে আনন্দ মিছিল ও পথসভা করেছেন শ্রমিক নেতারা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টঙ্গী-গাজীপুর গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে টঙ্গী বাজারের সেনাকল্যাণ ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় শ্রমিক নেতারা বলেন, শ্রমিক মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তা মেনে নেওয়া উচিত। কোনো ধরনের উসকানি বা ষড়যন্ত্রকারীদের ফাঁদে পা না দিয়ে শ্রমিকদের শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরতে হবে।
তারা আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার, মালিকপক্ষ ও শ্রমিক মজুরি বোর্ডের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ জন্য সংশ্লিষ্ট সবাই ধন্যবাদ ও অভিনন্দনের দাবিদার।
বক্তারা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খল কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। পাশাপাশি শিল্পাঞ্চলে স্বাভাবিক উৎপাদন ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শ্রমিক, মালিক ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।
