গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে ক্লাস পার্টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ও উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. রাশেদুল ইসলাম কিরণ।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. চৌধুরী আশরাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইসমাইল সিকদার বসু ,
প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য মো. সৈয়দ ওমর ফারুক ফয়সল, সহ-প্রধান শিক্ষক আব্বাস আলীসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি রাশেদুল ইসলাম কিরণ বলেন, শ্রেণিকক্ষের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এ ধরনের সহপাঠ্যক্রমিক আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য ও নেতৃত্বের গুণাবলি গঠনে অনন্য ভূমিকা রাখে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। তাই কেবল জিপিএ-৫ পাওয়ার পেছনে না ছুটে সুশিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে শিক্ষার্থীদের আত্মনিয়োগ করতে হবে। আমাদের লক্ষ্য এই বিদ্যানিকেতনকে শিক্ষার আলোকবর্তিকা হিসেবে গড়ে তোলা, যাতে এখান থেকে দেশপ্রেমিক ও সুনাগরিক গড়ে ওঠে।
দিনব্যাপী এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা ও আনন্দ-উল্লাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধন, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
