গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের নান্না বিরানি হাউজের রান্নাঘর নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। অভিযোগ রয়েছে, খাবার তৈরির কিচেন রুমে অস্বাস্থ্যকর পরিবেশে বিরানি রান্না করা হচ্ছে। একইসঙ্গে আবাসিক গ্যাসের লাইনে অবৈধ সংযোগ দিয়ে বাণিজ্যিক চুলা পরিচালনার অভিযোগও উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, জনবহুল স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন ধরে এমন পরিবেশে খাবার প্রস্তুত করা হলেও বিষয়টি দেখার যেন কেউ নেই। রান্নাঘরের পরিবেশ ও খাদ্য প্রস্তুত প্রক্রিয়া নিয়ে ভোক্তাদের মধ্যেও তৈরি হয়েছে উদ্বেগ।
অভিযোগ রয়েছে, আবাসিক ব্যবহারের জন্য থাকা গ্যাসের লাইনে অবৈধ সংযোগের মাধ্যমে একাধিক বাণিজ্যিক চুলা চালানো হচ্ছে। এতে একদিকে যেমন গ্যাস ব্যবহারের নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে, অন্যদিকে দুর্ঘটনার ঝুঁকিও তৈরি হতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
এদিকে, খাবার তৈরির স্থান, গ্যাস সংযোগ এবং খাদ্য নিরাপত্তার বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। অভিযোগগুলো সত্য কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।