খবর খুঁজুন
● ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে আইনজীবী জালালের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের অভিযোগে ঝাড়ু মিছিল

প্রতিনিধি - Md. Shamim Reza •
টঙ্গীতে আইনজীবী জালালের বিরুদ্ধে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের অভিযোগে ঝাড়ু মিছিল


 

স্টাফ রিপোর্টার:


‘গুটিয়াবাসী এক হও, সন্ত্রাসকে রুখে দাও’—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের টঙ্গীর ৫২ নং ওয়ার্ডের গুটিয়া-আন্দারুল এলাকায় এডভোকেট জালালের বিরুদ্ধে চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও হয়রানির অভিযোগে ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।


শনিবার (৩ অক্টোবর) দুপুরে গুটিয়ার আন্দারুল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ‘শান্তিপ্রিয় গুটিয়াবাসী’র ব্যানারে এ ঝাড়ু মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দাদের হাতে ঝাড়ু, জুতা এবং বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী জালালের বিরুদ্ধে নানা স্লোগান দেন।


বিক্ষোভকারীদের অভিযোগ, এডভোকেট জালাল দীর্ঘদিন ধরে নিজেকে বিএনপি নেতা পরিচয়ে আন্দারুল এলাকার নানা কর্মকাণ্ড নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি করে আসছেন। বিশেষ করে এলাকায় বালু ভরাট, নতুন বাড়ি নির্মাণ, যানবাহন চলাচল এমনকি বিলে মাছ ধরার নৌকা চলাচলেও তার পক্ষ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়।


তারা আরও জানান, দাবিকৃত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্থানীয়দের বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে এলাকাভিত্তিক মামলা-বাণিজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার গুরুতর অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা।


মানববন্ধনে বক্তারা বলেন, সাধারণ মানুষকে এসব হয়রানি থেকে মুক্ত করতে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে এলাকায় স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।


তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন এডভোকেট জালাল। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি আগামী স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন। একটি স্বার্থান্বেষী মহল মিথ্যা অপপ্রচার ও চক্রান্ত করছে।