কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সাবেক যুবলীগ নেতা মো. খাত্তাব মোল্লার নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী হঠাৎ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সড়কে কিছু সময় অবস্থান করেন। পরে খাত্তাব মোল্লা উপস্থিত লোকজনের উদ্দেশে বক্তব্য দেন এবং কয়েকজনের সঙ্গে কুশল বিনিময় করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এরপর মিছিলটি দ্রুত সমাপ্ত করে অংশগ্রহণকারীরা বিভিন্ন দিকে চলে যান। আকস্মিক এ মিছিলকে কেন্দ্র করে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি কয়েকজন প্রত্যক্ষদর্শী মোবাইল ফোনে ধারণ করেন বলে জানা গেছে।
এদিকে, মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই মিছিলকারীরা স্থান ত্যাগ করেন বলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, একই ঘটনায় পরে কালিয়াকৈর পৌর যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন বলে জানা গেছে।
