খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও ডিভোর্সের হুমকির অভিযোগ

প্রতিনিধি - Md. Shamim Reza
টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও ডিভোর্সের হুমকির অভিযোগ


 


গাজীপুর প্রতিনিধি :


গাজীপুরের টঙ্গীতে স্বামীর বিরুদ্ধে প্রতারণা, টাকা আত্মসাৎ, অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও ডিভোর্সের হুমকির অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ফাতেমা আক্তার নামে এক নারী।


অভিযোগ সূত্রে জানা যায়, মো. গিয়াস উদ্দিন নামের এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে ২০২৩ সালের ২৫ এপ্রিল ফাতেমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর স্বামী বিদেশে যাওয়ার আগে বিভিন্ন প্রয়োজনের কথা বলে তার কাছ থেকে কয়েক দফায় মোট ৩ লাখ ৭০ হাজার টাকা নেন বলে অভিযোগ করেন তিনি।


ফাতেমার অভিযোগ, স্বামী বিদেশে অবস্থানকালে তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন সমস্যা দেখা দেয়। পরবর্তীতে দেশে ফিরে আসার পরও তিনি স্ত্রীর সঙ্গে স্বাভাবিক আচরণ না করে বিভিন্ন সময় মোবাইল ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেন।


অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ৩০ আগস্ট সকাল আনুমানিক ১১টার দিকে মোবাইল ফোনে কথা বলার সময় স্বামী তাকে গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাকে ডিভোর্স দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন ফাতেমা।


এ ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।


তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. গিয়াস উদ্দিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মাকসুদ আলম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।