নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্টকে ঘিরে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সম্ভাব্য ঝটিকা ও মশাল মিছিলের প্রতিবাদে গাজীপুরের গাছা থানা এলাকায় মোটরবাইক মহড়া দিয়েছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে রাত ২টা পর্যন্ত গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহীন মিয়ার নেতৃত্বে এ মহড়া অনুষ্ঠিত হয়।
মোটরবাইক মহড়াটি সাইনবোর্ড এলাকা থেকে শুরু হয়ে গাজীপুরা বাসস্ট্যান্ড, চৌরাস্তা বাইপাসসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সাইনবোর্ড এলাকায় গিয়ে শেষ হয়। এতে গাছা থানা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
মহড়া থেকে সম্ভাব্য ঝটিকা ও মশাল মিছিলের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
স্থানীয় বিএনপির নেতারা জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গাছা থানার গুরুত্বপূর্ণ এলাকায় তারা সতর্ক অবস্থানে থাকবেন।
মহড়ার নেতৃত্ব দেওয়া বিএনপি নেতা শাহীন মিয়া বলেন, গোপনে কোনো ঝটিকা মিছিল বা কর্মসূচির চেষ্টা হলে তা রাজনৈতিকভাবে প্রতিহত করতে নেতাকর্মীরা মাঠে থাকবেন। তবে সবাইকে শান্তিপূর্ণ ও সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।
এদিকে গাছা, সাইনবোর্ড, গাজীপুরা বাসস্ট্যান্ড ও চৌরাস্তা বাইপাসসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
