গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘সেবা সংঘ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে গাজীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জমজমাট এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
মেগা ফাইনালে মুখোমুখি হয় আল-আমিন জুনিয়র একাদশ ও অল ইন ওয়ান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে আল-আমিন জুনিয়র একাদশ বিজয়ী হয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর অল ইন ওয়ান রানারআপ হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল হালিম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাতুল আহমদ ভূইয়া, তাঁতীদল নেতা রাশেদ
আদনান খান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
৫০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা কাজী মামুনের সঞ্চালনায় টুর্নামেন্টটি পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান নাইম।
ফাইনাল খেলাকে ঘিরে আয়োজক, খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।
আয়োজকরা বলেন, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি মো. আব্দুল হালিম মোল্লা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের ক্রীড়া আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখতে আয়োজকদের প্রতি আহ্বান জানান।
