খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা

প্রতিনিধি - Md. Shamim Reza
গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা



নিজেস্ব প্রতিবেদক  :: গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নগর উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পরিবেশ উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। আজ রোববার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের নগর ভবনের মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপন করেন। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তিনজিলা খানম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বাজেট উপস্থাপনকালে জানানো হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা। একই সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়।

প্রস্তাবিত বাজেট অনুযায়ী, মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাত থেকে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ব্যয়ের খাতগুলোর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে। বাজেট অনুযায়ী, অর্থবছর শেষে গাজীপুর সিটি করপোরেশনের সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। সংশোধিত বাজেট শেষে সমাপনী স্থিতি রয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা।

বাজেট বক্তৃতায় প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। আমাদের লক্ষ্য গাজীপুরকে একটি ‘গ্রিন অ্যান্ড ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, নিরাপদ পানি সরবরাহ এবং আধুনিক নাগরিক সেবার মানোন্নয়নে এ বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।