নিজেস্ব প্রতিবেদক
ঢাকা, ২০ জুলাই ২০২৬:
জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৫ অর্জনের পর বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নদী গবেষক মনির হোসেন-কে যৌথভাবে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশের ৪০টিরও বেশি পরিবেশবাদী সংগঠন।
রবিবার সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত পরিবেশবাদী সংগঠন, যা দেশের ৪০টিরও বেশি পরিবেশ সংগঠনের একটি যৌথ প্ল্যাটফর্ম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
প্রধান অতিথির বক্তব্যে আবদুস সালাম বলেন, নদী ও পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকেরও দায়িত্ব। তিনি বলেন, মনির হোসেনের মতো নিবেদিতপ্রাণ ব্যক্তিরা জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেলে পরিবেশকর্মীরা আরও উৎসাহিত হন। তিনি আরও জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিবেশবাদী সংগঠনগুলোর সঙ্গে একযোগে রাজধানীর নদী ও জলাশয় রক্ষায় কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবেশবিজ্ঞানী অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া, যিনি দীর্ঘদিন ধরে হালদা নদী রক্ষায় কাজ করছেন।
সভাপতির বক্তব্যে মুকিত মজুমদার বাবু বলেন, বর্তমানে দেশের পরিবেশ ও নদীগুলো মারাত্মক সংকটের মুখে। এমন সময়ে একজন তৃণমূলের পরিবেশকর্মী হিসেবে মনির হোসেনের জাতীয় পরিবেশ পুরস্কার অর্জন অত্যন্ত গর্বের বিষয়। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নদী ও প্রকৃতি রক্ষার এই সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।
অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া বলেন, নানা কারণে বাংলাদেশের নদী ও জীববৈচিত্র্য আজ হুমকির মুখে। তিনি মনির হোসেনের দীর্ঘদিনের তৃণমূলভিত্তিক নদী রক্ষা কার্যক্রমের প্রশংসা করে বলেন, জাতীয় পরিবেশ পুরস্কার দেশের পরিবেশ আন্দোলনের জন্য বড় অনুপ্রেরণা। হালদা নদী থেকে শুরু করে দেশের প্রতিটি নদী রক্ষায় বৈজ্ঞানিক গবেষণা ও সামাজিক আন্দোলনকে একসঙ্গে এগিয়ে নিতে হবে।
অধ্যাপক ড. কামরুজ্জামান মজুমদার বলেন, পরিবেশ শিক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে মানুষকে আরও সম্পৃক্ত করা সম্ভব। তিনি বলেন, মনির হোসেন বহু বছর ধরে নদী ও পরিবেশ নিয়ে প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক গবেষণা করে আসছেন এবং এই পুরস্কার তার সেই কাজের যথার্থ স্বীকৃতি।
সংবর্ধনার জবাবে মনির হোসেন বলেন, এই অর্জন শুধু আমার নয়, বাংলাদেশের প্রতিটি নদী ও পরিবেশকর্মীর। তিনি আরও বলেন, জাতীয় পরিবেশ পুরস্কার ২০২৫ তার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং দেশের পরিবেশবাদী সংগঠনগুলোর ভালোবাসা ও সম্মান তাকে আজীবন নদী ও মানুষের অধিকার রক্ষায় কাজ করার শক্তি জোগাবে।
অনুষ্ঠানের শেষে সম্মিলিত পরিবেশবাদী সংগঠন মনির হোসেনের হাতে একটি সম্মাননা ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা তুলে দেয়। এছাড়া বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, পরিবেশবিদ, গবেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশের নদী ও পরিবেশ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের নদী ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক গবেষণা এবং সম্মিলিত সামাজিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
