নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের তিলকপুর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। নদীর তীব্র ভাঙনের ফলে তিলকপুর, গায়েনপাড়া, নান্দেকুঁড়া, চর খড়মা ও কাউনিয়ার চর এলাকার বিস্তীর্ণ জনপদ, বসতভিটা, ফসলি জমি এবং গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। এ অবস্থায় ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে ব্রহ্মপুত্র নদের ভাঙন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে তিলকপুর বাজার সংলগ্ন নান্দেকুঁড়া এলাকায় ভাঙনের ঝুঁকি বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক পরিবার ইতোমধ্যে তাদের বসতভিটা হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভাঙন অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। শুধু ঘরবাড়িই নয়, এলাকার কৃষি উৎপাদন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা-স্বাস্থ্যসেবার ওপরও এর নেতিবাচক প্রভাব পড়বে।
স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে নদীভাঙন রোধে টেকসই প্রতিরক্ষা বাঁধ বা অন্যান্য কার্যকর ব্যবস্থা
গ্রহণ করতে হবে। পাশাপাশি দীর্ঘদিনের দাবি অনুযায়ী তিলকপুর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ করা হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। এতে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে।
এলাকাবাসী জানান, অতীতে এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে জনপ্রতিনিধিদের সহযোগিতা পেয়েছেন তারা। বর্তমান সংকট মোকাবিলায়ও দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিলকপুর, গায়েনপাড়া, নান্দেকুঁড়া, চর খড়মা ও কাউনিয়ার চর এলাকার সর্বস্তরের জনগণ আশা করছেন, তাদের এই ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যথায় নদীভাঙনের কারণে হাজারো মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তা চরম হুমকির মুখে পড়তে পারে।
