গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ডের পাগাড় ঈদগাহ মাঠের স্থায়ী সংরক্ষণ ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে এলাকাবাসী উদ্যোগ নিয়েছেন। দীর্ঘদিন ধরে অবহেলা ও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে গুরুত্বপূর্ণ এই ধর্মীয় স্থানটি ধীরে ধীরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এলাকাবাসীর পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের দপ্তরে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়।
এতে ঈদগাহ মাঠটি দ্রুত সংস্কার ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
এলাকাবাসীর সঙ্গে নিয়ে এ উদ্যোগে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব ও ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মন্ডল।
তিনি বলেন, পাগাড় ঈদগাহ মাঠটি এলাকার মানুষের ধর্মীয় আবেগ ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে জড়িত। তাই মাঠটির স্থায়ী সংরক্ষণ ও উন্নয়ন এখন সময়ের দাবি।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান উপস্থিত স্থানীয়রা। তারা আশা প্রকাশ করেন, গাজীপুর সিটি কর্পোরেশন বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে শিগগিরই প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করবে।
