বাদশা সেকেন্দার ভুট্টো
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলা উপজেলায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত এলাকা ও তিস্তা নদীবিধৌত চরাঞ্চলের দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়নে হাঁস বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬ টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০ এপ্রিল (সোমবার) বিকেলে উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ছাতনাই কলোনী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইমরানুজ্জামান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রওশন কবির। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম,পূর্ব ছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ খান।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে পূর্ব ছাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা বিধৌত চরাঞ্চলের ২৩টি অসহায় ও ছিন্নমূল পরিবারের মাঝে ১৫টি করে হাঁস বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার ৮০টি পরিবারের মধ্যে ১৫টি করে মোট প্রায় ১ হাজার ২০০টি হাঁস বিতরণ করা হবে।
সংশ্লিষ্টরা জানান, এই প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলো হাঁস পালন করে স্বল্প সময়ে আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হতে পারবে, যা তাদের আর্থিক স্বচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় উপকারভোগীরা এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, তিস্তা নদীর চরাঞ্চলে কৃষি কাজ অনিশ্চিত হওয়ায় হাঁস পালন তাদের জন্য একটি টেকসই আয়ের উৎস হতে পারে।
প্রাণিসম্পদ বিভাগের এ উদ্যোগ চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা সংশ্লিষ্টদের।
