গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের পূবাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে বেধড়ক পিটিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। গত শনিবার সন্ধ্যায় নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার সময় মো. জাকির সিকদার নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের মুখে তুলে নিয়ে যায় একদল দুর্বৃত্ত।
ভুক্তভোগী ও থানার অভিযোগ সূত্রে জানা যায় , ১নং বিবাদী মোঃ আলী হোসেনসহ আরও ৪-৫ জন তাকে একটি প্রাইভেটকারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সেখানে হাত-পা ও মুখ বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে বড় অঙ্কের টাকা ও স্বর্ণ অলঙ্কার দাবি করা হয়।
ভুক্তভোগী জাকির সিকদার টাকা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে পরিবারকে বিভিন্নভাবে ভয় ভীতি দেখায়। একপর্যায়ে তার বাড়িতে গিয়ে স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩০ লাখ টাকা, ৮ ভরি স্বর্ণ এবং ব্যাংকের চেক বই ছিনিয়ে নেয়। এছাড়া জোরপূর্বক খালি স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ উঠেছে। পরবর্তীকালে পরিবারের সদস্যদের প্রাণে মারার হুমকি দিয়ে রাত সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
আহত জাকির সিকদার বর্তমানে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।তদন্ত শেষ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
