স্টাফ রিপোর্টার :
গাজীপুরের পূবাইল থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে আটক হওয়ার একদিন পর জামিনে মুক্তি পেয়ে নিজের বিরুদ্ধে আনা অভিযোগকে ষড়যন্ত্রমূলক বলে দাবি করেছেন রুবেল সরকার। তিনি গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য এবং গাছা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।
মঙ্গলবার (৩ মার্চ) রাতে বড় বাড়ি এলাকায় তার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
রুবেল সরকার বলেন, তার মান-সম্মান ও রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি দাবি করেন, কোনো ধরনের মাদক বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই এবং সত্য শিগগিরই প্রকাশ পাবে।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে তাকে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়ে আসছে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, আইনের প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে।
অভিযানের পর তাকে গ্রেপ্তারের ঘটনায় সংগঠনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে সব পদ থেকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে প্রতিক্রিয়ায় রুবেল সরকার বলেন, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সময় জেল-জুলুম ও নির্যাতনের শিকার হলেও দলের নীতি-আদর্শ থেকে সরে যাননি। অভিযোগের তদন্ত ছাড়াই তাকে বহিষ্কার করা হয়েছে বলে দাবি করে তিনি দলের সিনিয়র নেতাদের কাছে পদ পুনর্বহালের অনুরোধ জানান।
দলীয় সূত্র জানিয়েছে, অভিযোগের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে রুবেল সরকারের বক্তব্যকেও গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করা।
