Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

শ্রমিকদের ন্যায্য দাবিতে গাজীপুরে গঠিত হলো শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ

Representative - NewsGazipur
শ্রমিকদের ন্যায্য দাবিতে গাজীপুরে গঠিত হলো শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ

 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর | ২৬ ফেব্রুয়ারি ২০২৬

শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং আইনগত অধিকার নিশ্চিত করার লক্ষ্যে গাজীপুরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে “শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ”। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কালিয়াকৈর পৌর ভবনে আয়োজিত এক আলোচনা সভার মধ্য দিয়ে এ জোটের যাত্রা শুরু হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কালিয়াকৈর উপজেলা সভাপতি ও শ্রমিক নেতা আমজাদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে শ্রমিকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। ন্যায্য মজুরি, সময়মতো বেতন পরিশোধ, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম আইন বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ছাড়া এসব দাবি আদায় সম্ভব নয়।”

সভা পরিচালনা করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং গাজীপুর মহানগর কমিটির সভাপতি শফিউল আলম। তিনি বলেন, “শ্রমিকদের অধিকার রক্ষায় সংগঠিত ও সচেতন আন্দোলন গড়ে তোলা সময়ের দাবি। শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ হবে একটি সমন্বিত প্ল্যাটফর্ম, যেখানে সব শ্রেণি-পেশার শ্রমিক একত্রিত হয়ে তাদের দাবি-দাওয়া তুলে ধরতে পারবেন।”

আলোচনা সভায় গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তিনি শ্রমিকদের কল্যাণে গঠনমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং শ্রমিকদের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট মহলের সহযোগিতার আশ্বাস দেন।

সভায় শ্রমিকদের চলমান বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে— ন্যায্য মজুরি নিশ্চিত না হওয়া, অতিরিক্ত কর্মঘণ্টা, ওভারটাইম ভাতা প্রদানে অনিয়ম, চাকরির অনিশ্চয়তা, ট্রেড ইউনিয়ন কার্যক্রমে প্রতিবন্ধকতা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তার ঘাটতি। বক্তারা এসব সমস্যা সমাধানে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর জোর দেন।



সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর জোটের আহ্বায়ক হিসেবে জনাব তমিজ উদ্দিন তনু এবং সদস্য সচিব হিসেবে মোঃ দেলোয়ার হোসেন দায়িত্ব পালন করবেন। পাশাপাশি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে দ্রুত কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও আগামী তিন (০৩) কর্মদিবসের মধ্যে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা এবং একটি গঠনতন্ত্র প্রণয়ন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। গঠনতন্ত্র প্রণয়ন কমিটি সংগঠনের নীতিমালা, কাঠামো, সদস্যপদ বিধি ও সাংগঠনিক কার্যক্রমের রূপরেখা প্রণয়ন করবে বলে জানানো হয়।

সভা শেষে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ে “শ্রমিক মুক্তি সংগ্রাম পরিষদ, গাজীপুর” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে জেলার বিভিন্ন শিল্পাঞ্চলে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।