স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির পক্ষে টঙ্গীতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
ধানের শীষ প্রতীকের পক্ষে টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা অভি দেওয়ানের নেতৃত্বে এ নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম দেওয়ান, ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বি.এম শামীম, গাজীপুর মহানগর যুবদলের নেতা সৌমিক সরকারসহ মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় যুবদল নেতা অভি দেওয়ান বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। সাধারণ মানুষের ব্যাপক সাড়া ও সমর্থনে আমরা আশাবাদী এবার বিএনপি সরকার গঠন করবে।
