স্টাফ রিপোর্টার :
গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনির নির্বাচনী এলাকায় এম.এ. মান্নান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের মাধ্যমে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অসহায় ও নিম্ন আয়ের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর ৫৬ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। এতে স্থানীয় বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা ও ওষুধ সেবা গ্রহণ করেন।
এ সময় টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন এবং সার্বিক খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তিনি বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতেই এম.এ. মান্নান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান, গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনির উদ্যোগে এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিগত কয়েকদিন ধরে গাজীপুর-২ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিতভাবে এসব সেবা দেওয়া হচ্ছে এবং নির্বাচনের পরও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
