গাজীপুর প্রতিনিধি :
গাজীপুরের টঙ্গী এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলা কেন্দ্র করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে টঙ্গীর ৫১ নম্বর ওয়ার্ডের খৈরতুল এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নেতৃত্ব দেন ৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ডা. সজীব খান। এ সময় স্বাধীন, তরিকুল ইসলাম, রাসেল ও ওলিসহ স্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সরকার পরিবর্তনের পর গাজীপুরের বিভিন্ন এলাকায় ময়লার ব্যবসার মালিকানায় পরিবর্তন আসে। বর্তমানে যারা এ ব্যবসা নিয়ন্ত্রণ করছেন, তারা অধিক লাভের আশায় মানুষের চলাচলের স্থানেও ময়লার ডাম্পিং স্থাপন করছেন। এর ফলে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানার পাশেই ৫১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গাজীপুরা ২৭ ব্যাংকপাড়া এলাকায় ২০২৪ সালের ৫ আগস্ট থেকে সড়কের পাশে একটি অস্থায়ী ময়লার ডাম্পিং গড়ে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরে সেখানে ময়লা স্তুপ করে রাখায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে প্রায় এক লাখ বাসিন্দা ও ব্যবসায়ী দুর্ভোগে পড়েছেন।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, উক্ত ডাম্পিং স্থানের ঠিক সামনেই একটি মাছ ও সবজির আড়ৎ রয়েছে। ফলে মশা-মাছির মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। জনস্বাস্থ্য মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে বলে দাবি করেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে সড়কের পাশ থেকে ময়লার ডাম্পিং অপসারণ করে পরিকল্পিত ও নিরাপদ স্থানে স্থানান্তর করতে হবে। অন্যথায় এলাকাবাসী আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল ও ব্যবসা পরিচালনা করতে পারেন।

