Type Here to Get Search Results !
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

Footer Copyright

ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

NewsGazipur

 



ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ ঘোষণা দেন। একই সঙ্গে তিনি জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে শিগগিরই ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ চালু করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “এই হামলার সঙ্গে জড়িত কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাকে সরকার আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা হিসেবে দেখছে। নির্বাচন বানচালের যেকোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও জানান তিনি।

সংবাদ ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ওসমান হাদি বর্তমানে ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসাধীন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি।

এ ছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা চাইলে আইন অনুযায়ী আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে এবং যাঁদের অস্ত্র আগে সরকারের কাছে জমা ছিল, সেগুলো নির্বাচন উপলক্ষে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

অন্যদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাঁর নিরাপত্তায় সরকার সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে বলেও সংবাদ ব্রিফিংয়ে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

উল্লেখ্য, নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। ইনকিলাব মঞ্চ জানিয়েছে, ৪৮ ঘণ্টা পার না হলে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলা সম্ভব নয়।




Tags