গাজীপুর প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টায় বাদ আসর টঙ্গী বাজারের ৫৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সান্দারপাড়া এলাকায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ রাশেদুল ইসলাম কিরণ।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদুল ইসলাম কিরণ বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও মানুষের কল্যাণে তাঁর রাজনৈতিক অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক ইসমাইল শিকদার বসু, বৃহত্তর টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সহসাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, সাবেক ছাত্রনেতা আবুল কালাম আজাদ, সোহেল চৌধুরী, মামুন পাঠান, মোহন, যুবনেতা শাহআলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।
মিলাদ ও দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
