নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উপলক্ষে অরাজনৈতিক ও সুফিবাদী সংগঠন দাওয়াতে ইসলামী বাংলাদেশ-এর উদ্যোগে টঙ্গীতে বর্ণাঢ্য স্বাগত জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) বাদ জুমা টঙ্গীর মন্নু শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়। এতে আশেকে রাসুল ও মাসুকে এলাহীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। জুলুসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে আউচপাড়ার নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদে গিয়ে শেষ হয়।
জুলুসে মহানবী হযরত মুহাম্মদ সাঃ এর আগমন উপলক্ষে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা বিভিন্ন নাতে রাসুল, দরুদ ও সালাম পাঠে অংশ নেন।
পরে নেদায়ে ইসলাম বেপারী বাড়ি মসজিদে মিলাদ, কিয়াম, দরুদ ও সালাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং দুনিয়া ও আখেরাতের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
স্বাগত জুলুসে উপস্থিত ছিলেন দাওয়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা বিভাগের সভাপতি মাহমুদুল হক, জাতীয় গণমাধ্যম কমিশনের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, দাওয়াতে ইসলামী বাংলাদেশ গাজীপুর জেলার সভাপতি হাফেজ ফরিদুল ইসলাম, টঙ্গী পশ্চিম থানার সভাপতি উজ্জল আত্তারী, সাধারণ সম্পাদক শাহ আলম, মাওলানা শামসুল ইসলাম, মোঃ সোহেলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
আয়োজকরা বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাঃ সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ আগমন করেছেন। তাঁর আদর্শ, মানবতা, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। অরাজনৈতিক ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদে মিলাদুন্নবী সাঃ এর মর্যাদা ও তাৎপর্য তুলে ধরতেই এ স্বাগত জুলুসের আয়োজন করা হয়েছে।
