গাজীপুর প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে আয়োজিত র্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে টঙ্গীর এশিয়া পাম্পের সামনে থেকে র্যালিটি শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে চেরাগআলী এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
র্যালিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ- সভাপতি মো. আরিফ হোসেন হাওলাদার ও গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাদাত হোসেন শাহিন।
এ সময় টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিতে জাতীয় ও দলীয় পতাকার পাশাপাশি বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড শোভা পায়। বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
আয়োজকরা জানান, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবেই এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
