খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও পোস্ট, কিশোর গ্রেপ্তার

প্রতিনিধি - Md. Shamim Reza
শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও পোস্ট, কিশোর গ্রেপ্তার


 

নিজেস্ব প্রতিবেদক 

ফেনী সদর উপজেলায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করে ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মূল অভিযুক্ত মোজাম্মেল হোসেনকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা করেছেন।


গ্রেপ্তার মোজাম্মেল হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার মনির হোসেনের ছেলে। তিনি ফেনী সদরের গোবিন্দপুর এলাকার মাদানিয়া মাদ্রাসা সংলগ্ন একটি ভাড়া বাসায় থাকতেন।


মামলায় আরও দুই যুবককে আসামি করা হয়েছে। তারা হলেন—সিলোনিয়া এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে সালমান (২০) এবং মাহফুজ (১৯)। তারা বর্তমানে পলাতক রয়েছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে গোবিন্দপুর এলাকায় স্কুল শেষে বাড়ি ফিরছিল ছয় বছর বয়সী ওই শিশু। এ সময় মোজাম্মেলসহ তিন যুবক তার পথরোধ করে, ভয়ভীতি প্রদর্শন করে এবং উত্ত্যক্ত করে। ঘটনার সময় তারা একটি ভিডিও ধারণ করে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।


ঘটনার পর ভুক্তভোগী শিশুর বাবা নুরুল আফসার বাদী হয়ে তিনজনকে আসামি করে ফেনী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। পুলিশ ভিডিওটিকে মামলার গুরুত্বপূর্ণ ডিজিটাল আলামত হিসেবে সংরক্ষণ করেছে।


ভুক্তভোগী শিশুর বাবা নুরুল আফসার বলেন, আমার ছোট মেয়ের সঙ্গে যারা এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।


ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে মূল আসামি মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পলাতক দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।