খবর খুঁজুন
ব্রেকিং
খবর লোড হচ্ছে...

বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রতিনিধি - Md. Shamim Reza
বিজিবির অভিযানে ১ কোটি ৮০ লাখ টাকার  ইয়াবা উদ্ধার


 

এইচ এন আলম

(ঈদগাওঁ) কক্সবাজার |


কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।


শুক্রবার (২৪ জুলাই) বিকেলে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার আনজুমানপাড়া গ্রামের লালুর ঘের এলাকায় অভিযান পরিচালনা করে।


 এ সময় মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশরত তিন সন্দেহভাজন ব্যক্তিকে দেখে বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা নিজেদের কাছে থাকা তিনটি পলিথিনের ব্যাগ ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।


পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগগুলো থেকে খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী মোড়কে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। 

তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল উদ্ধার করা যায়নি।


পালিয়ে যাওয়া চোরাকারবারিদের গ্রেপ্তারে বিজিবি সদস্যরা এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনার সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।