স্টাফ রিপোর্টার :
গাজীপুর মহানগরের গাছা থানার এলাকায় প্রভাবশালী একটি মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী একটি পরিবার।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে গাছা কলেজের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গ্রীল ওয়ার্কশপের ব্যবসায়ী মো. আলমগীর হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ফকির মার্কেট এলাকায় গ্রীল ওয়ার্কশপের ব্যবসা পরিচালনা করে আসছি । স্থানীয়ভাবে প্রভাবশালী মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত ওয়াসিম ওরফে কালু ওয়াসিমের সঙ্গে তার পরিচয় ছিল। সেই সূত্রে গত ২১ ফেব্রুয়ারি তাকে ডেকে নিয়ে একটি অপরাধমূলক পরিকল্পনায় অংশ নিতে চাপ দেওয়া হয়।
তিনি বলেন, মাদক ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ায় ওয়াসিম ও তার সহযোগীরা কথিত পুলিশ সোর্স নাসিরকে হত্যা ও অঙ্গহানির পরিকল্পনা করে। এতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানালে তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
তিনি আরও জানান, গত ২৩ তারিখে ওয়াসিমকে কে বা কারা মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। তবে ওই ঘটনার পর তার ওপর ক্ষিপ্ত হয়ে সিন্ডিকেটের সদস্যরা তাকে একা পেয়ে কুপিয়ে গুরুতর জখম করে এবং এলাকা ছেড়ে না গেলে হত্যার হুমকি দেয়।
ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে এ চক্রটি মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা বিভিন্ন স্থানে আস্তানা গড়ে পুরো এলাকায় মাদক নিয়ন্ত্রণ করছে বলেও তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মাদক সিন্ডিকেটের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে হামলার সুষ্ঠু বিচার নিশ্চিত করা এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
