টঙ্গী প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, মাদক ও অপরাধপ্রবণ হিসেবে পরিচিত মাজার বস্তিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অপরাধীদের দৌরাত্ম্য চললেও কার্যকর পদক্ষেপের অভাবে পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এতে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
সম্প্রতি ‘বাংলাদেশ ইয়ুথ রেভ্যুলেশন’-এর ১০ জন স্বেচ্ছাসেবীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাই ও অপরাধ দমনে সক্রিয় এসব তরুণকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা সমাজের জন্য কাজ করছেন, তাদের ওপর হামলা আইন-শৃঙ্খলার চরম অবনতিরই প্রমাণ। তাঁরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এলাকাবাসীর দাবি, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম থানার সমন্বয়ে অপরাধপ্রবণ এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে চিরুনি অভিযান পরিচালনা করতে হবে। পাশাপাশি স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রশাসনের সক্রিয় ভূমিকা জরুরি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “অন্যায়ের বিরুদ্ধে যারা দাঁড়ায়, তাদের যদি নিরাপত্তা না দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কেউ আর এগিয়ে আসবে না।”
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহলের মতে, টঙ্গীতে মাদক, সন্ত্রাস ও ছিনতাই দমনে প্রশাসনের কঠোর অবস্থান এখন সময়ের দাবি। তা না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।
